খুঁটিতে বেঁধে জেলেকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় দাদনের প্যাঁচে ফেলে এক জেলেকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক আড়তদারের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার জেলে মো. কবিরকে (৩৭) উদ্ধার করে। সেই সঙ্গে স্থানীয় মৎস্য আড়তদার গোলাম কিবরিয়া ওরফে নয়া মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান ওই আড়তদারকে ছাড়িয়ে নেন। আড়তদার গোলাম কিবরিয়া আওয়ামী লীগের ওই নেতার ভায়রা ভাই হন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী ও বিবাদীর মধ্যে সমঝোতা হওয়ায় এ ঘটনায় মামলা হয়নি।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামের ভাসান জালের (ইলিশ জাল) জেলে কবির। ১৫ বছর আগে তিনি উপজেলার স্লুইসগেট মাছঘাটের গোলাম কিবরিয়ার আড়ত থেকে ৬৫ হাজার টাকা দাদন নেন। তারপর থেকে তিনি গোলাম কিবরিয়ার আড়তে ১০ শতাংশ কমিশনে মাছ দিয়ে আসছেন।
কবির বলেন, গত ১৫ বছরে তিনি গোলাম কিবরিয়ার আড়তে কমপক্ষে ৩০ লাখ টাকার মাছ বিক্রি করেছেন। তারপরও টাকা শোধ হয়নি। এ বছর নৌকা ও জালের জন্য নতুন করে টাকা চাইলে গোলাম কিবরিয়া অস্বীকৃতি জানান। এ অবস্থায় তিনি ঘাটের অপর আড়তদার সিরাজুল ইসলামের কাছ থেকে মাস দুয়েক আগে ১ লাখ ৪০ হাজার টাকা দাদন নেন। এ টাকায় জাল-নৌকা সারাই করাসহ নতুন বছরে মাছ ধরার জন্য আগাম বেতন দিয়ে মাঝিমাল্লা নিয়োগ দেন। অবশিষ্ট টাকা থেকে ১৫ বছর আগে নেওয়া ৬৫ হাজার টাকা পরিশোধ করে গোলাম কিবরিয়ার সঙ্গে লেনদেন শেষ করার উদ্যোগ নেন। কিন্তু টাকাটা দিতে গেলে গোলাম কিবরিয়া টাকা ফেরত না নিয়ে তাঁর আড়তেই মাছ দিতে নির্দেশ দেন কবিরকে।
গোলাম কিবরিয়া গত মঙ্গলবার কবিরকে ডেকে পাঠান। পারিবারিক সমস্যা থাকায় কবির সেদিন যেতে পারেননি। এতে ক্ষুব্ধ আড়তদার রাতে নুরুল হক নামের একজনকে সঙ্গে নিয়ে কামারপট্টি থেকে কবিরকে ধরে শশীগঞ্জ বাজারে এক হোটেলের বাঁশের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে কবিরের চুল কেটে দেন গোলাম কিবরিয়ার লোকজন।
আড়তদার সিরাজুল বলেন, গোলাম কিবরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতির ভাই। সেই সঙ্গে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদকের ভায়রা। ক্ষমতার জোরে তিনি জেলেদের সঙ্গে যা ইচ্ছা ব্যবহার করেন। ঘটনার পর আওয়ামী লীগের নেতা ফজলুল সমঝোতার কথা বলে ভায়রাকে ছাড়িয়ে নেন। এরপর সমঝোতার জন্য সালিসের আর কোনো তারিখ দেননি।