খুঁটিতে বেঁধে শিশুকে নির্যাতনের অভিযোগ
সাতক্ষীরা শহরের কাটিকা লস্করপাড়া এলাকায় জুতা চুরির অপবাদে এক শিশুকে লোহার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মানিক ময়রার মোড়সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম বাপ্পি হোসেন (৯)। সে লস্করপাড়া মন্দির এলাকার সোহেল উদ্দীনের ছেলে ও শাল্লে আদর্শ দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
বাপ্পি বলে, ‘আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে পাশে রাখা জুতা তুলে নিয়ে আসতে বলে। তুলে নিয়ে আসার পর আমাকে জুতা চুরির অপবাদ দিয়ে দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রেখে চড় মারে।’
শিশুটির মা নাজমা বেগম বলেন, অন্যের কাছে শুনে বাবলুর রহমানের দোকানে গিয়ে দেখেন, তাঁর ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে তাঁদের হাতে-পায়ে ধরে ছাড়িয়ে নিয়ে আসেন। তাঁর ছেলের নামে যে জুতা চুরির অপবাদ দেওয়া হচ্ছে, তা ঠিক নয়।
সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। গিয়ে জানলাম, পৌরসভার কাউন্সিলর আবদুস সেলিম ও জ্যোৎস্না আরা ছেলেটিকে মুক্ত করে দিয়েছেন।’
জ্যোৎস্না আরা বলেন, শিশুটিকে বেঁধে রাখা হয়েছিল বলে তিনি শুনেছেন।
বাবলুর রহমান শিশুটিকে বেঁধে রাখা সম্পর্কে কিছু জানেন না দাবি করে বলেন, শিশুদের বেঁধে রাখা দণ্ডনীয় অপরাধ। বেঁধে রাখার মতো ঘটনা ঘটেনি। শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়েছিল। পরে কাউন্সিলর সেলিম ও জ্যোৎস্না আরার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে।