খুঁটির সঙ্গে বেঁধে দুই শিশুকে নির্যাতন
জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দুই শিশুকে আবদুল কাদের (৫৫) ও তাঁর লোকজন নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
আহত ওই দুই শিশু হচ্ছে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানী এলাকার বাসিন্দা বাসচালকের সহকারী সোহেল রানার ছেলে আরিফুর রহমান (৯) ও একই এলাকার রাম চরণ গৌড়ের ছেলে বাপ্পি গৌড় (৭)। গত বৃহস্পতিবার রাতে আরিফুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার। টাকার অভাবে বাপ্পির বাবা হোটেল কর্মচারী রামচরণ তাঁর চিকিৎসা করাতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আছাদুজ্জামান বলেন, আঘাতজনিত কারণে শিশু আরিফুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ওই দুই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার ইস্পাহানী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল কাদের চুরির অভিযোগ তুলে আরিফুর ও বাপ্পিকে গত মঙ্গলবার বিকেলে রাস্তা থেকে ধরে আনেন। এরপর তিনি তাঁর বাসার সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাদের বেঁধে রাখেন। এ সময় তাদের কিলঘুষি ও পেটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আবদুল কাদের দাবি করেন, ওই দুই শিশু তাঁর দোকান থেকে টাকা চুরি করেছিল। এ কারণে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। পরে লোকজন তাদের কিলঘুষি মেরেছে।
আরিফুর রহমানের মা আলীমন বেগম অভিযোগ করে বলেন, ‘আবদুল কাদের চুরির মিথ্যা অভিযোগ তুলে আমার বাচ্চা আরিফকে খুঁটির সঙ্গে বাইদা মারছে। আমি এর বিচার চাই।’
সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।