খুদে বার্তার মাধ্যমে আবারও প্রাণনাশের হুমকি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তাকে আবারও মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ খুদে বার্তা পাঠানো হয়। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
যে তিনজনকে গতকাল খুদে বার্তা পাঠানো হয়েছে তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মসলেম উদ্দিন, উপরেজিস্ট্রার আবদুল হান্নান ও শাখা কর্মকর্তা সোহেল রানা। গত ২৬ ফেব্রুয়ারি রাতে আবদুল হান্নান ও সোহেল রানাকে খুদে বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
খুদে বার্তাটিতে লেখা আছে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সকল কর্মকর্তা/কর্মচারীদের মধ্য হইতে আওয়ামী লীগপন্থী ৫৩ জনের নাম তালিকাভুক্ত করা হলো। আগামী ৮ থেকে ১৪ মার্চ পর্যন্ত অভিযান চলবে। পেট্রলবোমা, ককটেল, সরাসরি গুলি করে মারা হবে, আপনি প্রস্তুত থাকবেন, প্রতিদিন তওবা পড়ে অফিসে আসবেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝিনাইদহ।’ ০১৭৬৬২৭২৯২০ নম্বর থেকে খুদে বার্তাটি আসে।
গত ২৬ ফেব্রুয়ারি আবদুল হান্নান ও সোহেল রানাকেও একই নম্বর থেকে একই ধরনের খুদে বার্তা পাঠানো হয়েছিল।
এ ব্যাপারে ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি শাহজালাল হোসেন মোবাইলে প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের ইমেজ ক্ষুণ্ন করার জন্য কেউ হয়তো এটা করছে। প্রযুক্তি ব্যবহার করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।