খুন করে ফল বিক্রি করছিলেন যুবকটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় একটি ফলের দোকান থেকে রবিউল ইসলাম (৩০) নামের ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

রবিউল ইসলাম মাদারীপুরের টেকেরহাট উপজেলার শংকরদি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রবিউলের খালাতো ভাই নুর আলমকে (৩২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌড়হাস এলাকায় মামা নুর হোসেনের বাড়িতে দুই খালাতো ভাই রবিউল ও নুর দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ভাগনেরা গরিব হওয়ায় মামা তাঁদের ফলের ব্যবসার সঙ্গে যুক্ত করেন। এ জন্য চৌড়হাস মোড়ে মামা-ভাগনে নামের একটি ফলের দোকান করে দেন তিনি। আজ সকালে বাড়ি থেকে দোকানে যান রবিউল। সেখানে নুর আলমও যান।

এরপর দুপুরের দিকে মামা দোকানে গিয়ে রবিউলের খোঁজ নিলে নুর কোনো উত্তর দেননি। নুরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে পরিবারের অন্য সদস্যরা জেরা করেন। একপর্যায়ে পরিবারের লোকজন কুষ্টিয়া মডেল থানা-পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ গিয়ে দোকানের পেছনে বালু চাপা দেওয়া অবস্থায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে রবিউলের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মামা নুর হোসেন বলেন, ‘দুই ভাগনে গরিব হওয়ায় তাঁদের আমি আশ্রয় দিয়ে ব্যবসায় লাগিয়ে দিই। তবে দুজনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। মারামারিও হয়েছে বিভিন্ন সময়। তবে হত্যার মতো ঘটনা ঘটতে পারে তা ধারণাও করতে পারিনি।’

এ ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নুর আলম পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।