খুন, মাদকসহ সাত মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিবিআইয়ের হাতে গ্রেপ্তার সিরাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

খুন, মাদকসহ সাত মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্যামপুর রেললাইন এলাকা থেকে সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের ভাষ্যমতে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙায়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিবিআই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আলফাডাঙা থানায় পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ২০১২ সালে তাঁর বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় একটি হত্যা মামলা হয়। এ ছাড়া রাজধানীর খিলগাঁও, শ্যামপুর, চকবাজার, নাটোর, সিরাজগঞ্জ এবং দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

এক বছর আগে সিরাজুল ইসলামকে চকবাজার থানায় মাদক মামলায় আসামি করা হয়। তবে তাঁর সঠিক নাম–ঠিকানা পাওয়া যায়নি। আর দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় ২০২০ সালে ফেনসিডিলসহ তিনি গ্রেপ্তার হন। সেখানে তিনি ভুয়া নাম–ঠিকানা ব্যবহার করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারে মাদকসহ চান মিয়া নামের এক ব্যক্তি গ্রেপ্তার হন। ওই সময় চান মিয়া, তাঁর সহযোগী হিসেবে সিরাজুল ইসলাম ও মো. সালামকে আসামি করা হয়। এই মামলা প্রথমে থানা–পুলিশ তদন্ত করে। দুই মাসের বেশি সময় তদন্ত করেও সিরাজুল ইসলাম ও সালামকে শনাক্ত না করেই মামলার তদন্ত শেষ করা হয়। আদালত এই মামলা পুনরায় তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করতে পিবিআইকে নির্দেশ দেন। এই মামলার তদন্তে নেমে সিরাজুল ইসলামকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।