খুন হওয়ার আগে দৃক কর্মকর্তা ইরফানুল ইসলামের কাছে মুঠোফোনে চাঁদা চাওয়া হয়েছিল। সন্দেহজনক ফোন এসেছে মৃত্যুর পরও। ইরফানের স্ত্রী জোহরা খাতুন বলছেন, খুনিরা তৎপর। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সেই অর্থে নেই।
ইরফানুল ইসলামের স্ত্রী জোহরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ইরফান খুন হওয়ার মাস দু-এক আগে গত ১৯ ফেব্রুয়ারি টেলিটকের একটি নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটি আমিই ধরি। আমি একটি পুরুষ ও একটি নারী কণ্ঠস্বর শুনি। ওরা বলে, পাঁচ হাজার টাকা দেন, নইলে ইরফানকে মেরে ফেলব।’ কে ফোন করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতে চাইলে ইরফান জোহরাকে দুশ্চিন্তা করতে নিষেধ করেন। তিনি বলেন, প্রায়ই এ ধরনের ফোন আসে। এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এরপর থেকে বহুবার জোহরা খাতুন স্বামীর কাছে জানতে চেয়েছেন কেউ তাঁকে হুমকি দিচ্ছেন কি না, দিলে কারণ কী। ইরফানের মৃত্যুর পর আবারও একই ধরনের একটি উড়োফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হয়, ইরফান কোথায়।
তবে এসব বিষয় পুলিশকে জানালেও পুলিশের কাছ থেকে সেই অর্থে কোনো সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জোহরা। ইরফানকে খুনের এক দিন পর গত ৫ এপ্রিল কলাবাগান থানায় হত্যা মামলা করেন তাঁর বড় ভাই ইমদাদুল ইসলাম। কলাবাগান থানার হাত ঘুরে এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছে। সিআইডিতে দুই দফা তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে। কিন্তু দুই মাস পরও খুনের কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
সিআইডির পক্ষ থেকে মামলাটি প্রথমে তদন্ত করেন মো. শাহজাহান। দেড় মাস তিনি এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় তিনি ইরফানের ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। আর দুই দফা ফোনে ইরফানের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ফোনে ইরফানের স্ত্রীর সঙ্গে বাসায় এসে দেখা করতে চান। জোহরা তাঁকে পরে আসতে বলেন। এরপর তিনি আর জোহরার সঙ্গে সাক্ষাৎ করেননি। আর একদিন ইরফানের ছেলেকে ফোন করে জানতে চান, নিখোঁজ অবস্থায় সে তার বাবাকে কোনো খুদে বার্তা পাঠিয়েছিল কি না। প্রথম তদন্তকারী কর্মকর্তার দৌড়ঝাঁপ এটুকুতেই সীমাবদ্ধ ছিল।
৭ জুন ইরফান খুনের তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক মোহাম্মদ ইউসুফকে। প্রথম আলোকে তিনি বলেন, কলাবাগান থানার তদন্তকারী কর্মকর্তা আশরাফউদ্দীনের পরামর্শে অন্য মামলায় আটক এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার আছেন।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ইরফানের স্বজনেরা বলেছেন, তাঁর কোনো শত্রু ছিল না। এসব খুনের রহস্য ভেদ করা একটু সময়ের ব্যাপার। আমরা আশঙ্কা করছি, টাকা ছিনতাইয়ের জন্যই কেউ হয়তো খুন করেছে।’
তবে জোহরা খাতুন বলছেন অন্য কথা। তাঁর আশঙ্কা, ইরফানের পরিচিত কেউ তাঁকে খুন করেছেন। ধানমন্ডি ৮ নম্বরের ব্যস্ত সড়কে ইরফানকে কোনো অপরিচিত লোক বিনা বাধায় গাড়িতে ওঠাতে পারে বলে তিনি মনে করেন না। জোহরা চান পুলিশ আন্তরিকভাবে হত্যাকাণ্ডের রহস্যটা বের করার চেষ্টা করুক। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জোহরা অঝোরে কাঁদছিলেন। বলছিলেন, ‘ইরফান ভালো মানুষ ছিল, আমাদের মা-ছেলের বন্ধু ছিল। নিশ্চয়ই খুনিরা যখন ওকে মেরে ফেলছিল, ও ছেলেটার কথা ভেবে চোখের পানি ফেলেছে শুধু।’