উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে রাজধানীর ভাষানটেকের বাসিন্দা নাসির হোসেন (২৫) হত্যার শিকার হননি—এ বিষয়টি প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে পুলিশ। এ জন্য পুলিশ ভুক্তভোগীদের দিয়ে জোরপূর্বক একটি সাধারণ ডায়েরিও (জিডি) করিয়ে নিয়েছে। ঘটনার পর থেকে এসব নিয়ে ব্যস্ত থাকা পুলিশ গতকাল রোববার পর্যন্ত হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
গত বৃহস্পতিবার রাতে নাসিরকে উপর্যুপরি পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, মামাতো বোন লাবনী আক্তারকে স্থানীয় কয়েকজন যুবক উত্ত্যক্ত করেছিল। আর তার প্রতিবাদ করায় নাসিরকে ওই যুবকেরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নাসিরের ভাই মো. মোশারফ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ভাষানটেক থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে উত্ত্যক্তকরণের বিষয়টি উল্লেখ আছে।
তবে ঘটনার পর থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লাবনী, তাঁর স্বামী সোহাগ ও বাবা আইনাল আকন্দকে ধরে নিয়ে যায়। পুলিশ সাংবাদিকদের জানায়, উত্ত্যক্তের প্রতিবাদের কারণে এ ঘটনা নয়। বরং ঈদের কয়েক দিন আগে লাবনীর স্বামী সোহাগকে কয়েকজন মারধর করেছিল। এর প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাসিরের ভাই মো. মোশারফ প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে যারা মারল তাদেরকে ধরতে পুলিশের কোনো তোড়জোড় নেই। বরং পুলিশ ব্যস্ত দেখি আমাদের নিয়ে। লাবনীকে উত্ত্যক্তের প্রতিবাদে নাসিরকে মারা হয়নি—এটা প্রমাণের জন্য লাবনীর বাবা আইনালকে দিয়ে জোর করে জিডি করিয়েছে পুলিশ।’
জানতে চাইলে লাবনীর বাবা আইনাল আকন্দ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর গত শুক্রবার দুপুরে ভাষানটেকের মজুমদার মোড় এলাকা থেকে আমাকে, লাবনী ও তার স্বামীকে ধরে নিয়ে যায় পুলিশ। প্রথমে কয়েক ঘণ্টা একটি থানায় রাখা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ডিসি অফিসে। সেখানে আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে পুলিশ।’
আইনাল বলেন, তিনি ও লাবনী পুলিশকে জানিয়েছেন, ঈদের দুই দিন আগে সন্ধ্যার দিকে লাবনীর স্বামীকে কয়েকজন যুবক মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনা শোনার পর নাসির মজুমদার মোড়ে বাসায় গিয়ে ঘটনা সম্পর্কে লাবনীর কাছে জানতে চান। লাবনী মারধরকারী যুবকদের চেনেন না বলে জানান। কিন্তু বাসা থেকে বের হয়ে নাসির দোকানে বসে থাকা একটি ছেলেকে ডেকে সতর্ক করে দিয়ে বলেন, লাবনী তার বোন আর সোহাগ লাবনীর স্বামী। তাদের যেন কেউ সমস্যা না করে। পরে রাত নয়টার দিকে ওই দোকানে বসে থাকা অবস্থায় নাসিরকে এক যুবক ডেকে নিয়ে যায়।
আইনাল বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে তাঁদের তিনজনকে ভাষানটেক থানায় নিয়ে যাওয়া হয়। রাতে বাসায় ফেরার সময় হঠাৎ এক পুলিশ কর্মকর্তা তাঁদের একটি জিডি করতে হবে জানান। কী কারণে জিডি জানতে চাইলেও ওই কর্মকর্তা কোনো কথা বলেননি। পরে ওই পুলিশ কর্মকর্তা নিজেই একটি জিডি লিখে তাঁর স্বাক্ষর নিয়ে বিদায় দেন।
‘জিডিতে কী লেখা হয়েছে’ জানতে চাইলে আইনাল বলেন, ‘বাবা, আমি তো লেখাপড়া জানি না।’
প্রথম আলোর হাতে ওই জিডির একটি কপিতে দেখা যায়, সেখানে লেখা আছে, ‘আমি (আইনাল) লাবনীর কাছে জানতে পারি তাকে কেউ ইভ টিজিং করে নাই। আমার মেয়ে লাবনীর সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই।’
মামলার প্রাথমিক পর্যায়ে এ ধরনের জিডির প্রয়োজনীয়তা কী—জানতে চাইলে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী প্রথম আলোকে বলেন, ‘মামলার সঙ্গে জিডির কোনো সম্পর্ক নাই।’ ‘এভাবে জিডি করানোর কোনো আইনগত ভিত্তি আছে কি?’ প্রশ্ন করলে গোলাম নবী বলেন, ‘না, আইনগত কোনো বিষয় নেই।’ ‘তাহলে জিডির দরকার হলো কেন?’ গোলাম নবীর উত্তর, ‘বিষয়টি তো তদন্তাধীন। তাই বলতে পারছি না।’
নাসিরের পরিবার জানায়, মামলার এজাহারে সাতজনের নাম দেওয়া হলেও ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরও সাতজনের নাম পাওয়া গেছে। তাদের তালিকা পুলিশের কাছে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের সঙ্গে আসামি অনেকের সখ্য আছে। এ কারণে তাদের গ্রেপ্তারে তেমন কোনো তোড়জোড়ও নেই। আগেও বিভিন্ন অপরাধ করলেও আসামিরা পার পেয়ে গেছেন।