ময়মনসিংহের ভালুকার শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম ওরফে বাচ্চু (৩০), তাঁর স্ত্রী ও দুই মেয়ের হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ তার নাম প্রকাশ করেনি।
গত সোমবার গভীর রাতে ভালুকা উপজেলার লবণকোঠা গ্রামে রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী পারুল আক্তার (২৬) দুই মেয়ে মেয়ে জিনিয়া (৬) ও লিপাকে হত্যা করে দুর্বৃত্তরা। বাসচালক রফিকুল ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন গতকাল বুধবার বলেন, ‘আমরা বিভিন্ন আলামত ও তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারীকে শনাক্ত করেছি। তাকে ধরতে অভিযানও শুরু হয়েছে।’
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, তদন্ত মূলত রফিকুলের বাসের সহকারী তনুকে ঘিরে এগোচ্ছে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ভালুকা মডেল থানার পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন তনুর স্ত্রী হোসনা, হোসনার বোন জোছনা ও জোছনার স্বামী রফিকুল রয়েছেন। ভালুকার সিডস্টোর বাজার থেকে আরও তিনজনকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে তনু পলাতক।