খুনি শনাক্ত হয়নি তিন দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত বিজয় দাশ হত্যা
অনন্ত বিজয় দাশ হত্যা

সিলেটে লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যাকাণ্ডের তিন দিন পরও খুনি শনাক্ত করতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার থেকে ঘটনাকালীন ওই এলাকায় অবস্থানকারী মুঠোফোন নম্বরগুলো ট্র্যাকিং শুরু করেছে পুলিশ।
আক্রান্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনন্ত মুঠোফোনে সক্রিয় ছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দারা এ ব্যাপারে নিশ্চিত হওয়ায় মুঠোফোন নম্বরগুলো ট্র্যাকিং শুরু করেছে।
এর আগে অনন্তকে খুনিরা চিনতে কর্মস্থল পর্যন্ত গিয়েছিল কি না—এ বিষয়টি অনুসন্ধান করতে গত বৃহস্পতিবার পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখার সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। অনন্ত পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় ‘অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে অনন্তকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী চার দুর্বৃত্ত। ঘটনার দিন রাতেই মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অনন্তের বড় ভাই নিত্নেশ্বর দাশ বাদী হয়ে চার মুখোশধারীকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহারে হত্যাকাণ্ডে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’কে দায়ী করা হয়।
তদন্তের অগ্রগতি সম্পর্কে গতকাল সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেই বলেছি, এটি নিছক কোনো খুনের ঘটনা নয়। এই খুনের সঙ্গে পূর্ববর্তী অনেক ব্লগার ও লেখক খুনের পরম্পরা জড়িয়ে আছে। সবগুলো বিষয় একত্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালাচ্ছে। তাই খুনের যোগসূত্র বের করার জন্য পুলিশ নানামুখী অনুসন্ধান করছে। আশা করছি, শিগগিরই এ হত্যা-রহস্যের জট খুলবে।’
তদন্তসংশ্লিষ্ট পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অভিজিৎ হত্যাকাণ্ডের পর ঢাকায় গ্রেপ্তার হওয়া অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবী একসময় সিলেটের মুন্সিপাড়া এলাকায় বসবাস করতেন। ওই সময় ফারাবীর সঙ্গে স্থানীয় কিছু তরুণের সম্পর্ক ছিল। অনন্ত হত্যায় এসব তরুণের সম্পৃক্ততা আছে কি না—তা অনুসন্ধান করা হচ্ছে। কারণ, প্রায় দুই বছর আগে ফারাবী ব্লগারদের যে তালিকা ফেসবুকে প্রকাশ করেছিলেন, এর মধ্যে অনন্ত বিজয় দাশের নামও ছিল।
‘অনন্ত স্তম্ভ’ নির্মাণের দাবি: গতকাল বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সংহতি সমাবেশ’ করেছে গণজাগরণ মঞ্চ। এই সমাবেশ থেকে অনন্ত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতায় উদ্বেগ প্রকাশ করা হয়। হত্যাকাণ্ডের স্থান সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে ‘অনন্ত স্তম্ভ’ নির্মাণেরও দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালিক, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সহিদুজ্জামান, একুশ তাপাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একজন মুক্তমনা মানুষ প্রকাশ্য দিবালোকে খুন হলো, অথচ রাষ্ট্র তাঁকে নিরাপত্তা তো দূরের কথা, খুনিদেরই শনাক্ত করতে পারছে না। রাষ্ট্রের সদিচ্ছা থাকলে অবশ্যই খুনিরা এত দিনে ধরা পড়ত। সমাবেশ থেকে আগামী সোমবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
অনন্তের বাসায়: অনন্ত বিজয় দাশের আদ্যশ্রাদ্ধ হয়েছে গতকাল। সকালে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা সৈয়দ আবু জাফর আহমদ নগরের নূরানী আবাসিক এলাকায় অনন্তের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনাস্থলও পরিদর্শন করেন। সিপিবি সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জেলার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক হোসেন আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।