কলেজছাত্রী মনিরা সরকারকে (১৯) হত্যার পর মাটি চাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে নরসিংদী সদরে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মনিরার শিক্ষাপ্রতিষ্ঠান ইমপিরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এদিকে গত সোমবার মনিরার বাবা খোরশেদ আলম ও ভাই সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ মো. আলী চৌধুরী বলেন, নানা দিক দিয়ে বিবেচনা করলে বোঝা যায়, মনিরা নৃশংস হত্যার শিকার হয়েছেন। হত্যাকারীরা মনিরাকে শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তাঁর লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক, মনিরা হত্যার বিষয়ে তাঁর পরিবার নীরব ছিল। তাদের ভূমিকা রহস্যজনক। হত্যা ও লাশ গুমের পেছনে যদি বাবা বা পরিবারের সম্পৃক্ততার প্রমাণ মেলে, তা হবে মানবিক বিপর্যয়ের খণ্ডচিত্র।
কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব আলী চৌধুরী, শিক্ষক আশরাফুল হক, আরাফাত খান, ওমর ফারুক, কবির হোসেন, আরিফুর রহমান প্রমুখ।
পুলিশ জানায়, গত রোববার রাতে শিবপুর উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মাটি খুঁড়ে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ। মনিরা শেরপুর গ্রামের বাসিন্দা। তিনি নরসিংদী ইমপিরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।