খুনিরা তিন দিনেও শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক অঞ্জলী দেবীকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের গত তিন দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। কেউ গ্রেপ্তারও হয়নি। কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এর কারণ এখনো অজানা।
মামলার তদন্ত দলের প্রধান ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক, পেশাগত বিরোধসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। কিন্তু এখনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি।
নিহত শিক্ষিকার স্বামী মামলার বাদী রাজেন্দ্র লাল চৌধুরী বলেন, ‘কারা কেন খুন করেছে আমরা জানি না। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। খুনিদের গ্রেপ্তার করা হোক।’ গত শনিবার সকালে নগরের পাঁচলাইশ থানার চকবাজার তেলাপট্টি এলাকায় বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে গলির ভেতর অঞ্জলী দেবীকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় ওই দিন রাতেই পাঁচলাইশ থানায় শিক্ষিকার স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।