হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি। তাঁকে গ্রেপ্তারে অনেক আগে থেকেই পুলিশের তোড়জোড়। চূড়ান্ত অভিযানের আগে পুলিশের সামনে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে তাঁর কথাও হলো। কিন্তু শেষে দুই ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েও ওই আসামিকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ।
ঘটনাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। গত মঙ্গলবার রাতে প্রত্যক্ষদর্শীদের ভাষায় ‘নাটকীয়’ এ অভিযান চালানো হয়। কারও কারও ভাষায়, এটি ‘লোক দেখানো’ অভিযান। তবে পুলিশ বলছে, আসামি ধরতেই তারা অভিযান চালিয়েছে।
দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের পরীক্ষাসংক্রান্ত একটি বিষয় ও শ্রেণি প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে নিজ সংগঠনের নেতা-কর্মীদের পিটুনিতে নিহত হন ছাত্রলীগের নেতা সায়াদ ইবনে মোমতাজ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ হত্যা মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত শুক্রবার ছিল সায়াদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ওই দিন ‘ছয় আসামি পলাতক, বাকিরা জামিনে’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ শামছুল হক হলে সায়াদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ফয়সাল ইসলাম অবস্থান করছেন, এমন সংবাদ পেয়ে ক্যাম্পাসে পুলিশ আসে। জব্বার মোড় এলাকায় সন্ধ্যা থেকেই তারা অবস্থান নিতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে হলের ফটকে আসেন পুলিশ সদস্যরা। তখন ফয়সালের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মী ও কিছু সাধারণ শিক্ষার্থী হলের ফটকে তালা দিয়ে পুলিশ সদস্যদের ভেতরে ঢুকতে বাধা দেন। ওই সময় ফয়সাল হলের তৃতীয় তলা থেকে পুলিশের সামনেই তাঁর সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলেন। পরে রাত দেড়টার দিকে হল প্রশাসন ও প্রক্টরকে সঙ্গে নিয়ে ১২ জন পুলিশ সদস্য হলে ঢোকেন। কিন্তু প্রায় দুই ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েও আসামিকে আর খুঁজে পাননি তাঁরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে নানা প্রশ্ন দেখা দেয়। তাঁরা পুলিশের এ অভিযানকে ‘লোক দেখানো’ হিসেবে অভিহিত করেন।
জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া ময়মনসিংহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ দাবি করেন, কিছু শিক্ষার্থী হলের গেটে তালা দেওয়ায় পুলিশ ঢুকতে পারেনি। তা ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঢুকতে হলে প্রশাসনের অনুমতি লাগে। তাই অভিযানে দেরি হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযান লোক দেখানো ছিল না। আমরা আসামি ধরতেই গিয়েছিলাম। আমাদের দায়িত্বে অবহেলা ছিল না।’
একই দাবি করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামও। তিনি বলেন, সায়াদ হত্যাকাণ্ডের মামলায় ফয়সালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে ধরতেই পুলিশ অভিযান চালায়। তবে হলে তাঁকে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করে হলটির বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আসামি ফয়সাল সব সময় ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়ান। তবু পুলিশ তাঁকে গ্রেপ্তার করে না। তাঁরা বলেন, পুলিশ যখন ফয়সালকে গ্রেপ্তারে ক্যাম্পাসে আসে তখন তিনি হলের বাইরেই ঘোরাঘুরি করছিলেন।
যোগাযোগ করলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফকির আজমল হুদা বলেন, ‘ফয়সাল আমার হলের আবাসিক ছাত্র নয়। তবে বেশ কিছুদিন ধরে ফয়সাল এই হলে থাকে বলে জানা গেছে।’
গত গত ৩১ মার্চ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করেন ফয়সাল। ওই সংবাদ সম্মেলনের ভিডিও দৃশ্য ফেসবুকে আপলোডও করেছেন তিনি। সেখানে ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি সায়াদ হত্যাকাণ্ডে জড়িত নন। তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি এ সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশীরা ক্ষিপ্ত হয়েছেন।
ফয়সাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।