খুনের ঘটনাস্থলে 'বন্দুকযুদ্ধে' আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্টু মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের হলদেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চার দিন আগে ওই স্থানে একটি লাশ পাওয়া যায়। ওই খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন সন্টু।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, রাইফেলের দুটি গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার স্থানীয় একটি সেলুনের মালিক আকিমুল ইসলামের লাশ পাওয়া যায় হলদেপাড়া মাঠে। তাঁকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয়েছিল। সন্টু মিয়া ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই স্থানের ২০০ গজ দূরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামের আকিমুলকে মুঠোফোনে ডেকে নিয়ে যান সন্টু। তাঁরা আকিমুলের মোটরসাইকেলে করে গ্রামের বাইরে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন আকিমুল। বৃহস্পতিবার হলদেপাড়া মাঠে তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই শুকুর আলী বাদী হয়ে সন্টুকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওসি আমিনুল বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন সন্টু। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থেকে সন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাত তিনটার দিকে তাঁকে নিয়ে হলদেপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে যান পুলিশের সদস্যরা। সেখানে আগে থেকেই অবস্থান করা সন্টুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সন্টু। তখন মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মাসুদ আহম্মদ ও আহসান হাবিব নামের দুই পুলিশ কনস্টেবল।
সন্টু মহেশপুর উপজেলার লালপুর গ্রামের রওশন আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির আত্মীয় নজরুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ সন্টুকে কুষ্টিয়া এলাকা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। হত্যার পর বন্দুকযুদ্ধের কথা বলা হচ্ছে।