খুনের জন্য ৮ লাখ টাকা নেয় দুর্বৃত্তরা
আট লাখ টাকার বিনিময়ে চার দুর্বৃত্ত কলেজছাত্র রিয়াদকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রিয়াদের বাবার সঙ্গে প্রতিবেশী কয়েক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে তারা টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
গত শুক্রবার বন্দর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন ওরফে সৌরভ (১৭) খুন হয়। চট্টগ্রাম বন্দর কলোনিতে মা-বাবার সঙ্গে থাকত রিয়াদ। তার বাবা মোহাম্মদ মোস্তফা বন্দরে চাকরি করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর থেকে রিয়াদকে না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে কাশেমকে গ্রেপ্তার করা হয়। দুর্বৃত্তরা আট লাখ টাকার বিনিময়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় কাশেমসহ চারজন জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। কাশেমসহ চারজনেরই বাড়ি বরগুনা জেলায়। বাকি তিনজন পালিয়ে গেছে।
বন্দর থানার ওসি জানান, ‘রিয়াদের বাবার সঙ্গে প্রতিবেশী তিন-চারজন লোকের জমি নিয়ে বিরোধ চলছে। ওরা ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে রিয়াদকে খুন করায়। আমরা কাশেমকে প্রথম ধরে জিজ্ঞাসাবাদ করলে সে রিয়াদের অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়। পরে পতেঙ্গার মুসলিমপাড়ার একটি ঘর থেকে শুক্রবার দিবাগত রাত তিনটায় রিয়াদের লাশ উদ্ধার করি।’