খুনের পর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলায় ছুরিকাঘাতে একজনকে খুনের পর খুনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

খুন হওয়া ওই ছেলের নাম সুজন মাহমুদ (১৮)। সুজন কুষ্টিয়া ইসলামী কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র ও হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের মাছ বিক্রেতা বদর উদ্দীনের ছেলে। খুনের পর আত্মহত্যা করা যুবকের নাম পলাশ (২৮)। তাঁর বাড়িও বোয়ালদহ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ স্থানীয় যুবক পলাশ হরিপুর বাজারের পাশে একটি স মিল (কাঠ চেরা) কারখানা থেকে ধারালো অস্ত্র নিয়ে অপর এক যুবককে মারতে উদ্যত হয়। ওই যুবক পালিয়ে গেলে এ সময় কোচিং থেকে বাড়ি ফিরছিল সুজন মাহমুদ। তাকে কাছে পেয়ে পলাশ হাতে থাকা অস্ত্র দিয়ে সুজনকে এলোপাতাড়ি পেটে ও বুকে আঘাত করে। এতে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সুজনের মৃত্যু হয়।
এ দিকে সুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় জনতা পলাশকে ধরে ফেলে। এ সময় স্থানীয় দুজন ব্যক্তি ছেড়ে দিলে বোয়ালদহ গ্রামে তার মামা বাদশাহের বাড়িতে পালিয়ে যান পলাশ। বাড়িতে গিয়ে মামার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। পুলিশ ও স্থানীয়েরা অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। এ সময় ফ্যানে ওড়না প্যাঁচানো পলাশের লাশ ঝুলছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অরবিন্দু পাল জানান, হাসপাতালের আনার পর সকাল ৯টা ১০ মিনিটে সুজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, সুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পলাশের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।