খুনের মামলায় সন্তানেরা গ্রেপ্তার, বিস্ময়ে বিমূঢ় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢুকতেই দরজায় রাজ্যের কার্টুন চরিত্রের স্টিকার আর প্রিয় ফুটবলারের ছবি। দেয়ালে ছোটবেলায় পেনসিলে আঁকা প্রকৃতির দৃশ্য। ঘরে রট-আয়রনের ছোট্ট একটি বিছানা। পাশে পড়ার টেবিল। টেবিলে কলেজের নতুন বই-খাতা আর ল্যাপটপ। ওয়ার্ডরোবে থরে থরে রাখা জামাকাপড়। ওয়ার্ডরোবের ওপরে কয়েকটি রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি। দেয়ালে ঝোলানো ব্যাডমিন্টনের র্যা কেট। 
এটা তানভীর আহম্মেদের ঘর। কলেজপড়ুয়া এই তরুণকে মিরপুরে ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যার অভিযোগে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তানভীরের এই ওয়ার্ডরোব থেকে পুলিশ উদ্ধার করেছে নিহত গিয়াসের মুঠোফোন আর ঘড়ি।
মিরপুরে নিজেদের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তানভীর। গতকাল তাঁদের বাসায় গেলে তাঁর বাবা আবু সাঈদ আজাদ সরাসরি তানভীরের ঘরে নিয়ে যান। ওয়ার্ডরোবের ওপর থেকে খেলনা গাড়িটা নামিয়ে অশ্রুভেজা চোখে বললেন, ‘আমার ছেলে এখনো এটা নিয়ে খেলে। ও প্রেমের জন্য মানুষ খুন করবে, এটা আমি কীভাবে ভাবব বলেন।’ বাবার চোখে-মুখে অসহায়ত্ব।
একই অবস্থা গিয়াসউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার আরেক কলেজছাত্র সাদমান ইসলামের বাসাতেও। সাদমানের ব্যবসায়ী বাবা ছেলের কথা বলতে বলতে বারবারই কাঁদছিলেন। ফেরার সময় নিজের নামটা প্রকাশ না করার অনুরোধ জানান।
মিরপুর ১০ নম্বরের এ ব্লকে বেনারসি পল্লি এলাকায় এই দুই কিশোরের বাসা। এলাকা সূত্রে বন্ধুত্ব।
গত রোববার রাতে মিরপুরে নিজের বাড়ির পাঁচতলায় খুন হন ব্যবসায়ী গিয়াসউদ্দিন (৩৬)। ওই রাতেই হত্যায় সম্পৃক্ত সন্দেহে পুলিশ গিয়াসের স্ত্রী লাভলী ইয়াসমিন ওরফে লিনাকে (২৯) আটক করে। লাভলীর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার তিন কলেজছাত্র তানভীর, সাদমান ও আকিবুল ইসলাম ওরফে জিসানকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে তানভীরের সঙ্গে লাভলীর প্রেমের সম্পর্ক। ১৫ অক্টোবর কাজীপাড়া কাজি অফিসে তাঁরা বিয়েও করেন।
তানভীরদের বাড়িতে তাঁর বাবা-মায়ের সঙ্গে দাদিও থাকেন। বাবা আবু সাঈদ বলেন, ‘আগে ও লাইনে (রাস্তার ওপর) বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলত। বছর খানেক আগে খেলা নিয়ে ঝামেলার পর থেকে লাইনে সব ধরনের খেলা বন্ধ। তার পর থেকে ও এলাকার বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া শুরু করে। তখন থেকে ছেলের মধ্যে পরিবর্তন দেখি। সারা দিন দেখি চুল ঠিক করত। কখনো হাত দিয়ে, কখনো জেল দিয়ে। একমাত্র এটা নিয়েই আমি বকাবকি করতাম। বাড়িতে আসার পরে খেলনা গাড়ি দিয়ে ছোট ভাইয়ের সঙ্গে খেলে, কানামাছি খেলে। ওর মা মাঝে মাঝে এ জন্য বকাও দিত। আমি টেনশনে থাকতাম, মহল্লার পরিবেশ ভালো না। নেশায় ভিড়লে সমস্যা। মঙ্গলবার দুপুরে ছেলেকে যখন পুলিশে ধরে নিল তখন ভাবছিলাম, হয়তো পুলিশ ভুল করে নেশাখোর মনে করছে। ধারণা করতে পারিনি, ছেলেকে খুনের মামলায়...।’ গলা ধরে এল বাবার।
এসএসসির নিবন্ধনপত্র অনুযায়ী তানভীরের বয়স এখন ১৭ বছর পাঁচ মাস। বাবা-মা গত মঙ্গলবার তাঁর সম্পর্কে একসঙ্গে অনেক কিছু জেনেছেন, যা তাঁরা এই ১৭ বছরে জানতে পারেননি। বাবা আবু সাঈদ বলেন, ‘২০১৪ সালে কলেজে ভর্তির পর থেকে ছেলে আমার একা বাইরে যেতে শুরু করছে। দুনিয়া কী জিনিস, ও তো কিছুই বোঝে না। এই বয়সে আমার ছেলে ২৯ বছর বয়সী একজন নারীকে বিয়ে করছে, এটা আমি ভাবতে পারি না।’ তানভীরের স্বজনদের দাবি, হয়ে থাকলে ওই নারীই (লাভলী) তানভীরকে দিয়ে এসব কাজ করিয়েছেন। তানভীরের বিরুদ্ধে এর আগে স্কুল বা পাড়া থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানান তাঁরা।
তানভীরদের বাড়ি থেকে কয়েক গলি পরেই সাদমানদের নিজেদের ফ্ল্যাট। ওই ভবনের নিচে বসে কথা হয় সাদমানের বাবার সঙ্গে। সারা রাত ঘুমাননি। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। তিনি বলেন, ‘টাঙ্গাইলে আমার বাড়ি। কিন্তু আমার ছেলেকে আমি সৃষ্টি একাডেমির বোর্ডিংয়ে রাইখা পড়াইছি। ওদের পড়াশোনার জন্য ঢাকায় এই ফ্ল্যাট কিনছি। প্রতিদিন কলেজে যাইতো। শুধু রিকশা ভাড়ার টাকাটা হাতে দিতাম। যাতে বাড়তি ট্যাকা পাইয়া কোনো নেশায় জড়াইতে না পারে। সেই পোলা আমার বুকে এমনে কইরা আঘাত করলো।’
সাদমানের বাবা বলেন, ‘মঙ্গলবার সকালে যথারীতি কলেজে যায় সাদমান। সন্ধ্যার পরে না ফেরায় তিনি রাতে পল্লবী থানায় গিয়ে জিডি করেন। তখন থানা থেকেই মিরপুর থানায় যোগাযোগ করতে বলে। শুনেই ঘাবড়ে যান তিনি। তিনি ভেবেছিলেন, হয়তো ছেলে কোনো দুর্ঘটনায় পড়েছে অথবা কেউ তাঁকে অপহরণ করেছে। ভয়ে-আতঙ্কে তাঁর শরীরও অসাড় হয়ে পড়ে। এরপর সাদমানের মা ভবনের এক কর্মীকে সঙ্গে নিয়ে মিরপুর থানায় গিয়ে ছেলের খোঁজ পান। মা বলেন, ‘ছেলে আমার কুনোদিন দেরি কইরা বাসায় আসে না। কুনো কিছুর আবদার নাই। বাসায় আইসা বিছানায় হেলান দিয়া চুপচাপ পড়ে। সে যে মনে মনে এতো দূর গ্যাছে, আমি ক্যামনে জানতাম।’
আকিবুল ইসলাম ওরফে জিসানের বাড়ি মাদারীপুরে। তিনি সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র। তাঁর কোনো স্বজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
খুনের মামলা ও স্বীকারোক্তি: গিয়াসকে হত্যার অভিযোগে তানভীর, লাভলী, আকিবুল ও সাদমানকে আসামি করে মঙ্গলবার রাতে মিরপুর থানায় মামলা করেছেন নিহতের বাবা সিরাজ উদ্দিন মাদবর। মামলায় লাভলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তানভীর তাঁর দুই বন্ধুকে নিয়ে গিয়াসকে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার তাঁদের চারজনকে আদালতে নেওয়া হয়। তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।