খুনের মামলার বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর
খুনের ঘটনায় মামলা দায়েরের খবরে অভিযুক্ত ব্যক্তিরা বাদীর বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বাদীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কড়ইকান্দি গ্রামের মেনু মিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই শহীদ মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে ১ জুলাই বিকেলে মেনু মিয়া তাঁর সহযোগীদের নিয়ে শহীদ মিয়াকে বল্লম দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শহীদ মারা যান। এ ঘটনায় শহীদের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে নান্দাইল মডেল থানায় মেনু মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এই মামলার খবর শুনে অভিযুক্ত ব্যক্তিরা গত মঙ্গলবার সন্ধ্যার পর বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করেন। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায়। কিন্তু অভিযুক্ত কাউকে বাড়িতে না পেয়ে তারা ফিরে আসে।
বাদীর তিন-চারজন আত্মীয় বলেন, ঘটনার এক সপ্তাহ পরও পুলিশ হত্যার ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে মামলা দায়েরের পর থেকে বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া শহীদ হত্যায় ইন্ধনদাতারা মামলার সাক্ষীদের অন্য মামলায় ফাঁসানোসহ নানা হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে জানতে মেনু মিয়ার বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি।
থানার এসআই মুরাদ আলী শেখ বলেন, ঘটনাটি ঠিক হামলা বলা যায় না। অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের নারীদের সঙ্গে বাদীপক্ষের কথা-কাটাকাটি হয়েছে।