খুনের রহস্য জানতে এক নারীকে খুঁজছে পুলিশ
চট্টগ্রামে ভাড়া বাসা থেকে আইনজীবীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম আদালতে দেড় ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন তাঁর সহকর্মীরা। তাঁরা নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার দাবি জানান। এ ছাড়া আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। এদিকে পুলিশ বলছে, আইনজীবীর পরিচিত এক নারীকে খুঁজে বের করা গেলে খুনের রহস্য জানা যাবে।
গত শনিবার সকালে নগরের চকবাজার এলাকার কে বি আমান আলী সড়কের পাশের একটি বাসা থেকে মুখে স্কচটেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় আইনজীবী ওমর ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গত বুধবার এক নারী ওই বাসা ভাড়া নেন। তিনি বাড়ির মালিককে বলেছিলেন, তাঁর স্বামী আইনজীবী। শুক্রবার রাতে ফারুক ওই বাসায় যান। খুনের ঘটনায় তাঁর বাবা আলী আহমদ বাদী হয়ে গত শনিবার রাতে চকবাজার থানায় মামলা করেন। মামলার এজাহারে খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়। তবে খুনের ঘটনায় রাশেদা আক্তার নামের এক নারী জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করা হয়।
তরুণ আইনজীবী ওমর ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে পুরোনো আদালত ভবনের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা। এতে এক হাজারের বেশি আইনজীবী অংশ নেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় প্রথম আলোকে বলেন, আইনজীবী ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে ফারুক হত্যা মামলায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। চকবাজার থানার ওসি মীর নুরুল হুদা বলেন, হত্যায় জড়িত থাকতে পারে সন্দেহে রাশেদা আক্তার নামের এক নারীকে খুঁজছেন তাঁরা। তাঁকে গ্রেপ্তার করা গেলে জানা যাবে আইনজীবী ফারুক কেন বাসায় গিয়েছিলেন।
নিহত ফারুকের বাবা আলী আহমদ বলেন, তাঁর ছেলেকে যারা নৃশংসভাবে খুন করেছে, তাদের বিচার চান তিনি।