খুনের স্মৃতি তাড়া করে ফিরছিল তাঁকে!

পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিলেন এক যুবক। যাঁকে দুই বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছিল ভয়ংকর এক ‘দুঃস্বপ্ন’। নিজের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত আর টিকতে না পেরে থানায় গিয়ে অকপটে জানালেন এক শিশুকে অপহরণের পর খুনের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা। এই সত্য খুলে দিল দুই বছর ধরে অমীমাংসিত থাকা অপহরণ ও হত্যা মামলার জট। আর মা-বাবা পেলেন ছেলের কবরের সন্ধান।
নিহত শিশুর নাম মোহাম্মদ সাগর (১৪)। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী গ্রামের নির্মাণশ্রমিক মোহাম্মদ আকবরের ছেলে। স্থানীয় মাদামবিবিরহাট শাহজানিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত সাগর।
ঘটনার শুরু ২০১৩ সালের ২৫ নভেম্বর। বিদ্যালয় থেকে ফেরার পথে ভাটিয়ারী থেকে সাগরকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ওই দিনই তাকে চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ ফেলে দেওয়া হয় ধানখেতে। কিন্তু অপহরণকারীরা শিশুটিকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা বলে তার বাবার কাছে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণও নেয়।
চন্দনাইশ থানা-পুলিশ ওই বছরের ২৬ নভেম্বর শিশুটির লাশ ধানখেত থেকে উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করে পুলিশ। তারা বেওয়ারিশ হিসেবে নগরের চৈতন্যগলি কবরস্থানে লাশটি দাফন করে। লাশ উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। কিন্তু তদন্তে শিশুটির পরিচয় ও হত্যার কোনো সূত্র পায়নি পুলিশ। দেড় বছর পর চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে লাশ উদ্ধার মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। আদালত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি নতুন করে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
এদিকে ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সাগরের বাবা মোহাম্মদ আকবর বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অপহরণ মামলা করেন। তিন মাসের মাথায় এই মামলাটিও তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামে আসে।
জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবর চন্দনাইশের বরকল এলাকার বাসিন্দা মোহাম্মদ আকিব স্বেচ্ছায় থানায় আসেন। দুই বছর আগে সীতাকুণ্ডের এক শিশুকে অপহরণ করে বরকল এলাকায় এনে তাঁরা কয়েকজন মিলে খুন করেছেন বলে জানান। থানায় আসার আগে এলাকার আরও কয়েকজনকে তিনি একই কথা বলেছেন। খুনের পর ঢাকায় পালিয়ে গিয়ে কিছুদিন ব্যবসা করলেও হত্যাকাণ্ডের দৃশ্য তিনি ভুলতে পারছিলেন না। বিবেকের তাড়নায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
>*শিশুকে অপহরণের পর খুনের সঙ্গে নিজের জড়িত থাকার কথা থানায় গিয়ে অকপটে জানালেন এক যুবক
*দু্ই বছর পর ছেলের কবর খুঁজে পেলেন মা-বাবা
চন্দনাইশ থানা-পুলিশ আকিবকে আটক করে প্রথমে চট্টগ্রাম সিআইডির কাছে হস্তান্তর করে। মামলাটি এখন তদন্ত করছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মনজুর কাদের মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু সাগরকে অপহরণ করে খুন করার কথা স্বীকার করেন আকিব। তাঁর দেওয়া তথ্যমতে সাগরের বাবাকে খবর দেওয়া হয়। তিনি চন্দনাইশ থানায় গিয়ে ছবি দেখে (দুই বছর আগে লাশ উদ্ধারের পর শিশুটির ছবি তুলে রাখা হয়েছিল) ছেলের লাশ শনাক্ত করেন। পরদিন চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে সাগরকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন আকিব।
তদন্তকারী কর্মকর্তা মনজুর কাদের মজুমদার বলেন, জবানবন্দিতে আকিব উল্লেখ করেছেন, স্কুল থেকে ফেরার পথে সাগরকে ভাটিয়ারী থেকে অপহরণ করে তিনজন। পরে তারা সাগরকে চন্দনাইশে নিয়ে আসে। ফিরিয়ে দেওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণও নেয় বিকাশের মাধ্যমে। কিন্তু ধরা পড়ার ভয়ে সাগরকে শ্বাসরোধে হত্যা করে তারা। হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেয়।
সাগরের বাবা মোহাম্মদ আকবর গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, ছেলেকে ফিরে পেতে মুক্তিপণের জন্য তিনি এক লাখ টাকা ঋণ করেছেন। সেই টাকা এখনো শোধ করতে পারেননি। তবে সাগরকে জীবিত ফিরে না পেলেও তার কবরের সন্ধান পেয়েছেন, এটাই এখন তাঁর সান্ত্বনা। তিনি বলেন, ‘ছেলের কথা মনে পড়লেই কবরে ছুটে যাই।’
জানতে চাইলে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসাইন প্রথম আলোকে বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।