খুনের ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিশুসন্তানের সামনে মা নুরচান বেগম হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আদম খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, খুনের পর ২২ বছর ধরে আদম খান পলাতক ছিলেন। এ সময়ে তিনি কখনোই এলাকায় যাননি। ঘটনার পর সিলেটে এক সপ্তাহ অবস্থান করে তিনি ঢাকার আশুলিয়ায় চলে আসেন। ২০১২ সালের মার্চে আদম খান মিথ্যা তথ্য দিয়ে রফিকুল ইসলাম নামে জন্মসনদ তৈরি করেন। এমনকি এ নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেন। রফিকুল ইসলাম নামে আশুলিয়ায় নিজেকে পরিচিত করেন। আশুলিয়ায় স্থায়ী নিবাস গড়ে ছদ্মবেশে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালের ২২ মে আর্থিক লেনদেনের জেরে নুরচান বেগমকে (৪০) ছুরিকাঘাতে খুন করেন আদম খান। খুনের ঘটনায় ২০০২ সালের ১৭ জুলাই আদালত তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ২২ বছর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে আদম খানকে গ্রেপ্তার করা হয়।

আদম খানকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। এ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার এক বছর আগে নুরচান বেগমের ছেলে শফিকের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন আদম খান। এর কিছুদিন পর নুরচান বেগমের স্বামী আবদুর রহমান মারা যান। আর্থিক অনটনের কারণে নুরচান পাওনা টাকা চান আদম খানের কাছে। টাকা না দেওয়ায় নুরচান এক প্রতিবেশীর কাছে বিচার চাইতে যান। এতে ক্ষিপ্ত হয়ে নুরচানকে খুন করেন আদম খান।