খুন্তির ছ্যাঁকা দিয়ে, গরম পানি ঢেলে শিশু নির্যাতন!
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরে গরম পানি ঢেলে ও খুন্তির ছ্যাঁকা দিয়ে এক শিশু গৃহকর্মীর (১২) ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মেয়েটিকে গত বুধবার রাতে চৌমুহনীর নাপিতের পোল এলাকা থেকে উদ্ধার করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশুটির বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তার অভিযোগ, চৌমুহনী শহরের উত্তর হাজিপুর এলাকার একটি ভাড়াবাসায় গৃহকর্তা সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী নিনুবা বেগম তার ওপর নির্যাতন চালিয়েছেন। সাইফুল তার ওপর যৌন নির্যাতনও চালান।
সাইফুল ইসলাম নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী হিসাবরক্ষক। তাঁর স্ত্রী নিনুবা বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে চাকরি করেন।
গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি জানায়, গৃহকর্তা সাইফুল ইসলামের শ্বশুরবাড়ি ভোলায়। প্রায় এক বছর আগে সাইফুলের শাশুড়ি তাকে দৌলতখান থেকে নোয়াখালী নিয়ে আসেন। তার অভিযোগ, নোয়াখালী আসার পর থেকেই বিভিন্ন অজুহাতে তার ওপর নির্যাতন চালাতেন সাইফুলের স্ত্রী।
শিশুটির ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে সাইফুলের মেয়ের পায়ের নূপুর চুরি ও তাকে (সাইফুলের মেয়ে) ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এরপর নিনুবা খুন্তি গরম করে তার হাতে ও পায়ে ছ্যাঁকা দেন। একই সময় তার গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়।
শিশুটি বলেছে, ‘নির্যাতনের পর আমাকে দুদিন শৌচাগারে আটকে রাখা হয়। তখন আমি টেপের পানি খেয়ে বেঁচে ছিলাম। মঙ্গলবার রাত নয়টার দিকে আমি কৌশলে দরজা খুলে পালিয়ে পাশের একটি দোতলা ভবনের ছাদে আশ্রয় নিই। সেখানে এক রাত এক দিন থাকার পর আশপাশের লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।’
শিশুটির ভাষ্যমতে, সাইফুল স্ত্রীর সামনেই তার জামা খুলে ফেলেন এবং এমন কিছু নির্যাতন করেন যা সে মুখে প্রকাশ করতে পারবে না।
শিশুটির সব অভিযোগ অস্বীকার করে গৃহকর্তা সাইফুল ইসলাম দাবি করেন, খাবার পানি ফোটাতে গিয়ে এবং রান্না করতে গিয়ে তার গায়ে গরম পানি পড়ে। এ সময় তার হাত পুড়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার দাস প্রথম আলোকে জানান, শিশুটির দুই পা ও ডান হাতে গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। এ ছাড়া তার গলার নিচ থেকে বুকের দিকে ঝলসানো। তিনি জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে খুবই দুর্বল ছিল। এ ছাড়া মানসিকভাবেও সে বিপর্যস্ত ছিল। চিকিৎসার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়।
আরএমও জানান, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিশুটির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমরা তার বাবাকে খবর দিয়েছি। তিনি না আসতে পারলে আমরা বাদী হয়ে মামলা করব।’