খুলনা ও শরীয়তপুরে দুই যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 খুলনা নগরের জোড়াগেট এলাকায় গতকাল মঙ্গলবার এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে শরীয়তপুরে অজ্ঞাতনামা এক যুবক খুন হয়েছেন। গতকাল সকালে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর-তারাবনিয়া সড়কের আনন্দবাজার এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে।

গতকাল রাত পৌনে আটটায় জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, যুবকের বয়স ২৫-৩০ বছর হবে। তাঁর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।

এদিকে খুলনা নগরের জোড়াগেট এলাকায় সাইদুর রহমান হাওলাদার (২৫) নামের ওই যুবককে গতকাল দুপুর ১২টার দিকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সাইদুর জোড়াগেট মোড়ে একটি চায়ের দোকানের সামনে ছিলেন। এ সময় ছয় থেকে সাতজনের একটি দল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার নগরের বসুপাড়া এলাকায় হারুনর রশিদ নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পরদিন মো. সেলিম শেখসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালিপাড়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কোটালিপাড়া উপজেলার কালিবাড়ী গ্রামের নিজ মৎস্য খামারের ধানখেত থেকে আজগর আলী শেখ (৬৫) নামের ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুল ফারুক বলেন, আজগর আলী গত রোববার ভাঙ্গার হাট বাজারে চা-পান করতে গিয়ে নিখোঁজ হন। গতকাল দুপুরে প্রতিবেশী দুই নারী শাক তুলতে গিয়ে তাঁর লাশ দেখে স্থানীয় ব্যক্তিদের খবর দেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

{এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন শরীয়তপুর ও খুলনা প্রতিনিধি এবং গোপালগঞ্জ সংবাদদাতা}