খুলনা নগরে গ্রিল কেটে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় প্রকৌশলী হাবিবুল আলম চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল টাকা, ল্যাপটপ, মুঠোফোনসহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

গতকাল মঙ্গলবার ভোরে নগরের জাহিদুর রহমান সড়কের ৬০ নম্বর চৌধুরী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাড়ির মালিক হাবিবুল ও ভাড়াটে শিক্ষক এস এম রফিকুল ইসলামের কক্ষ থেকে প্রায় ৬৬ হাজার টাকা এবং দুই ঘর মিলে প্রায় ২৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

রফিকুল ইসলামের মা লিলিয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে রাতে তাঁদের ভাড়া বাসার নিচতলার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর চারজনের ওই দল রুমে থাকা সবার হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারিতে থাকা ১৪ হাজার টাকাসহ চার ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে যায় তারা।

ডাকাত দলের আরেকটি অংশ দোতলায় একই কায়দায় প্রায় ৫২ হাজার টাকা, ছয়টি মুঠোফোন, দুটি ল্যাপটপ কম্পিউটার, ১৮ থেকে ২২ ভরি স্বর্ণ লুটে নিয়ে যায় বলে জানান হাবিবুল আলম।

ডাকাতির ঘটনায় বাড়ির মালিক হাবিবুল আলম বাদী হয়ে গতকাল দুপুরে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তদন্ত চলছে।