খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অনিয়মের অভিযোগ
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনে ভোট গণনায় কারচুপি ও ভুয়া কার্ডের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তাঁরা এ অভিযোগ করেন।
তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব। পর্যাপ্ত নিরাপত্তা ও পর্যবেক্ষণের মাধ্যমে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে বলে দাবি করেন তিনি।
৬ নভেম্বর খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী ইলিয়াস হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান। কিন্তু নির্বাচনে তিনি উপস্থিত না থাকার সুযোগ কাজে লাগিয়ে একটি পক্ষ ভোট জালিয়াতির ঘটনা ঘটিয়েছে।
ইলিয়াস হোসেন অভিযোগ করেন, ‘টাকার বিনিময়ে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে নির্বাচনে বেসরকারি ফলাফলের একটি তালিকা সাংবাদিকদের দেওয়া হয়। তালিকায় দেখা যায়, কার্যকরী সভাপতি পদে ৬ হাজার ৩০৭টি ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে নষ্ট হয়েছে ৯৪ ভোট এবং দুই প্রার্থী পেয়েছেন ৬ হাজার ১৭৪ ভোট। ভোট গ্রহণ থেকে দুই প্রার্থীর পাওয়া ভোট এবং নষ্ট হওয়া ভোট যোগ করে বাদ দিলে ৩৯ ভোটের গরমিল দেখা যায়। একইভাবে যুগ্ম সম্পাদক পদে ৯৬ ভোটের গরমিল রয়েছে। অন্যান্য পদেও কিছু কিছু গরমিল লক্ষ করা গেছে। তালিকাটিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান, সদস্যসচিব মোড়ল আনিসুর রহমানসহ চারজন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের স্বাক্ষর রয়েছে।
নির্বাচনের ফলাফলে গরমিল থাকার কথা স্বীকার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মোড়ল আনিসুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ১২টি ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়। ১২টি ব্যালট পেপারের মধ্যে অনেকে ভোট না দিয়ে তা পকেটে করে নিয়ে যান। এ কারণে ভোট গ্রহণের সঙ্গে গণনা ভোটের গরমিল হয়েছে।
ভোটকেন্দ্রে ৩০টির বেশি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ছিল দাবি করে তিনি বলেন, ভোট অত্যন্ত নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। ভোট গণনার সময় প্রার্থীসহ প্রশাসনের লোকেরা উপস্থিত ছিলেন।