খুলনা সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি
খুলনা সদর হাসপাতাল থেকে তিন দিন বয়সী যমজ নবজাতকের একটি চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের গাইনি বিভাগের পোস্ট অপারেটিভ কক্ষে এই ঘটনা ঘটে।
চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নবজাতকের বাবা মো. ইদ্রিস শেখ বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন। ইদ্রিসের বাড়ি খুলনার রূপসা থানার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামে।
নবজাতকের মা সানজিদা আক্তার বলেন, গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ পুত্র ও কন্যা সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের পর তাঁকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়। তাঁর মা ও শাশুড়ি তাঁকে দেখাশোনার জন্য তাঁর সঙ্গেই ছিলেন। বাচ্চা হওয়ার পর থেকেই একজন মধ্যবয়স্ক নারী তাঁদের কক্ষে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে ওই নারীর সঙ্গে তাঁদের সখ্য গড়ে ওঠে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ওই নারী তাঁদের কক্ষে নাশতা নিয়ে আসেন। পরে ওই নারী বাদে তাঁরা সবাই নাশতা খান। এরপরই সবাই অচেতন হয়ে পড়েন। সকাল নয়টার দিকে ঘুম থেকে ওঠার পর ওই কক্ষে তিনি নার্স এবং ডাক্তারদের দেখতে পান। কিন্তু এর মধ্যে ওই নারী তাঁর নবজাতক ছেলেকে নিয়ে পালিয়ে যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও খুলনা সিভিল সার্জন রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চুরির ঘটনাটির জানার পর পুলিশ কমিশনার, জেলা প্রশাসনসহ সব মহলকে জানিয়েছি। হাসপাতালের তিনজন সিনিয়র কনসালট্যান্ট গোলক বিহারি স্বর্ণকার, রফিকুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে নবজাতকের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। শহরের তল্লাশি চৌকিগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। একটি সিভিল টিমও কাজ করছে।