খুলনায় অস্ত্রসহ ৩ 'জলদস্যু' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলায় চর ঝিনাইখালী গ্রামে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জলদস্যুকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার তিনজন হলেন বটিয়াঘাটার চর ঝিনাইখালী গ্রামের নাসিম বাহিনীর প্রধান নাসিম শেখ (৩৩), কয়রা উপজেলার মহেশ্বরীপুর তেঁতুলতলা গ্রামের মো. হাসান ওরফে গলাকাটা হাসান (৩২) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মো. জাহাঙ্গীর (২৫)। তাঁদের কাছ থেকে তিনটি শাটারগান ও আটটি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যু হিসেবে তাঁরা জেলে, গোলপাতার নৌকা ও মৌয়ালদের নৌকার মালামাল লুট, ডাকাতি ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে। র্যাবের অভিযান টের পেয়ে তাঁদের আরও কিছু সহযোগী পালিয়ে গেছেন।