খুলনায় আটকের ছয় ঘণ্টার মধ্যে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
খুলনায় অস্ত্রসহ আটকের ছয় ঘণ্টার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আল মামুন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে নগরের বাগমারা বুড়ির বাগান এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল মামুন নগরের খালিশপুর থানাধীন নয়বাটি এলাকার আবদুল জলিলের ছেলে। এর আগে বেলা দুইটার দিকে আল মামুন ও ফারুক হোসেনকে রায়পাড়া ক্রস রোড এলাকা থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার, ২৩ রাউন্ড গুলিসহ আটক করে পুলিশ। ফারুক হোসেন (২৪) হরিণটানা থানাধীন উত্তরপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
শেখ মনিরুজ্জামান মিঠুর ভাষ্যমতে, দুপুরে আটকের পর মামুন ও ফারুককে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে রক্ষিত অস্ত্রভান্ডারের তথ্য দেন মামুন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা সদর থানার একটি বিশেষ দল তাঁকে নিয়ে রাত আটটার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। অভিযানকারী দল মিস্ত্রিপাড়া বুড়ির বাগান এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীরা মামুনকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পালিয়ে যাওয়ার সময় মামুন গুলিবিদ্ধ হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মামুনকে মৃত ঘোষণা করেন।
গতকাল বেলা দুইটার দিকে মামুন ও ফারুক অস্ত্র ও গুলি নিয়ে একটি রিকশায় করে রায়পাড়া রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে টহল পুলিশ তাঁদের রিকশার গতিরোধ করে। মামুন ও ফারুক রিকশা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাঁদের কাছ থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার, ২৩ রাউন্ড পিস্তলের গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।