খুলনায় ক্ষমতাসীনদের দুই পক্ষে সংঘর্ষ, আহত সাধারণ যাত্রীরা
খুলনার রয়েল মোড়ে গতকাল বুধবার রাতে সরকারদলীয় দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সংঘর্ষে অংশ নেওয়া লোকজন কাছাকাছি জায়গায় ঈগল পরিবহনের কাউন্টারে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীদের নির্বিচারে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
কাউন্টারের ব্যবস্থাপক বলেছেন, রাত সোয়া নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এ হামলায় ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ২০ জন যাত্রী ও কাউন্টারের কর্মচারী জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, এদিন সকালে খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ ডনের বাড়িতে হামলায় তিনজন গুরুতর আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ডন রাতে খুলনা সিটি কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত শেখ পলাশের নামে সদর থানায় মামলা করেন। সেখান থেকে ডনের দল রয়েল মোড়ে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর একপর্যায়ে ১৫-২০ জনের একটি দল রয়েল মোড় ও সাতরাস্তা মোড়ের মাঝামাঝি জায়গায় ঈগল পরিবহনের কাউন্টারে হামলা চালায়। সেখানে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা যাত্রীদের কুপিয়ে জখম করাসহ ভাঙচুর ও মারধরের ঘটনাও ঘটায়।
রাত সাড়ে ১০টায় কাউন্টারে গিয়ে দেখা যায়, সেখানকার মেঝের বড় অংশজুড়ে জমাটবাঁধা রক্ত আর ভাঙা কাচের টুকরা ছড়ানো। এর মধ্যেই কয়েকজন আতঙ্কগ্রস্ত যাত্রী বসে আছেন। সন্তান কোলে এক নারী কাঁদতে কাঁদতে বলেন, ‘কিছুই বুঝতে পারলাম না, ভাই। চাপাতি আর গরু জবাই করা ছুরি দিয়ে ওরা যারে পাইছে তারেই কুপাইছে। আমি বাচ্চা নিয়ে তখন বাথরুমে লুকাইছি।’ এ সময় এতেকাফ নামের আরেকজন যাত্রীকে দেখা গেল প্রায় অজ্ঞান অবস্থায়।