খুলনায় গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরোখাদা উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন মারা গেছেন। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাকু (৩৮) ও অজ্ঞাতনামা আরেকজন মারা যান। সাকুর বাড়ি নগরের খানজাহান আলী থানার শিরোমণি গ্রামে। উপজেলার মোকামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার নৈহাটি গ্রামের আলী আকবর (৩৮) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের জিল্লু (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল নয়টার দিকে রূপসার আইচগাতী ইউনিয়নের আলাইপুর বাজারের চাল ব্যবসায়ী অশোক কর্মকার দুই লাখ ১০ হাজার টাকা নিয়ে অটোযোগে খুলনার দিকে আসছিলেন। পথে আবদুলের মোড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুটি মোটরসাইকেল করে ছয় ছিনতাইকারী অটোর গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ওই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুঠোফোনে খবর পেয়ে তেরোখাদার মোকামপুর বাজারে জনতা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করলে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। গুলিতে পল্লি চিকিৎসক আলমগীর হোসেন আহত হন। একপর্যায়ে চার ছিনতাইকারীকে আটক করে জনতা। অপর দুজন পালিয়ে যায়। পরে জনতার পিটুনিতে আটক ছিনতাইকারীরা গুরুতর আহত হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠালে সেখানে ওই দুজন মারা যায়।
তেরোখাদা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছি। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।’
ছিনতাইকারীদের গুলিতে আহত আলমগীরকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।