খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনার ডুমুরিয়া উপজেলায় এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর গ্রামের একটি খালের পাড় থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রের নাম সুদর্শন রায় (২১)। তিনি বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামের ঘের ব্যবসায়ী সুকুমার রায়ের ছেলে। সুদর্শন খুলনা সরকারি সুন্দরবন কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বড়ডাঙ্গা গ্রামে মামা শ্যামল মণ্ডলের বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
সুদর্শনের ছোট মামা দীনবন্ধু মণ্ডল বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হন সুদর্শন। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মির্জাপুর গ্রামে তাঁর লাশ পাওয়া যায়।
ডুমুরিয়া থানার উপপরিদর্শক মো. কেরামত আলী বলেন, সুদর্শনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সুরতহালে তাঁর পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুদর্শনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, মির্জাপুর গ্রামের যে মেয়ের সঙ্গে সুদর্শনের প্রেমের সম্পর্ক ছিল, তাঁর পরিবারের লোকেরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় ওই মেয়ে, মেয়ের মা ও ভাইকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, সুদর্শন তাঁদের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, দীনবন্ধু মণ্ডল বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।