খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সৈকত হাসান রোহান (২৫)। গত বুধবার রাত ১১টার দিকে নগরের পিটিআই মোড়ে ধারালো অস্ত্র দিয়ে রোহানের হাতে-পায়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রোহান খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের কর্মী। তিনি বাগেরহাট সদর থানার পাতিলাখালি গ্রামের রুহুল আমিন পাইকের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে নগর ছাত্রলীগের এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রোহান ওই কলেজের আগের কমিটিতে ও বর্তমান কমিটিতে তাঁর নাম নেই।

খুলনা সদর থানার পরিদর্শক খন্দকার ফরিদুল হক প্রথম আলোকে বলেন, রাত ১১টার দিকে নগরের পিটিআই মোড়ে কয়েকজন দুর্বৃত্ত রোহানকে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর লাশ বাগেরহাটে পারিবারিক করস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে রোহানের মা রাশিদা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

সদর থানা সূত্রে জানা গেছে, রোহান নিজেই একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ শুধু সদর থানাতেই সাত-আটটি মামলা রয়েছে।