খুলনায় নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন জেলা স্টেডিয়ামের নৈশপ্রহরী আবদুল জলিল (৬০)। গতকাল সোমবার সকালে স্টেডিয়ামের একটি কক্ষ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, চুরির অভিযোগে আটক স্টেডিয়ামের এক শ্রমিককে ছাড়িয়ে নিতে আরেক শ্রমিক এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় গতকাল টুটুল ও বাবু নামের দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। আটক দুজনের পুরো নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সংস্কারের জন্য খুলনা জেলা স্টেডিয়াম ভাঙার কাজ চলছে। পাশাপাশি চলছে নির্মাণকাজও। স্টেডিয়ামের একটি কক্ষে থাকেন ভাঙাকাজের শ্রমিকেরা। আর পাশের কক্ষে থাকেন নির্মাণকাজের শ্রমিকেরা। গত রোববার রাত দেড়টার দিকে নির্মাণকাজের শ্রমিক লাক মিয়া তাঁর টাকা চুরির চেষ্টার অভিযোগে ভাঙাকাজের শ্রমিক টুটুলকে আটক করেন। টুটুলকে স্টেডিয়ামের নৈশপ্রহরী আবদুল জলিলের হাতে সোপর্দ করা হয়। সকালে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য টুটুলকে স্টেডিয়ামের আরেকটি কক্ষে রশি দিয়ে বেঁধে রাখেন জলিল। কিন্তু গতকাল সকালে ওই কক্ষে জলিলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকেরা। কক্ষে আটক টুটুলও নেই। টুটুলের আত্মীয় ভাঙাকাজের আরেক শ্রমিক বাবুও লাপাত্তা। পরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে টুটুল ও বাবুকে খুলনার কয়রা থানা এলাকা থেকে আটক করে পুলিশ।
গতকাল সন্ধ্যায় খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু প্রথম আলোকে বলেন, টুটুল ও বাবুর বাড়ি কয়রা থানা এলাকায়। তাঁদের খুলনা সদর থানায় আনা হচ্ছে। থানায় আনার পর ঘটনার ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।