খুলনায় বাঘের ৬৯টি হাড় উদ্ধার, আটক দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বাঘের ছোট-বড় ৬৯টি হাড়সহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নতুন বাজার লঞ্চঘাট থেকে তাঁদের আটক করে সদর থানা-পুলিশ।
আটককৃ ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার গিলাবাড়ীর আকরাম সর্দারের ছেলে এনায়েত হোসেন (২২) ও একই এলাকার সালাম সানার ছেলে বাবু হোসেন (১৮)।
অভিযানে নেতৃত্বদানকারী খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সুন্দরবন থেকে আসা একটি ট্রলার নতুন বাজার এলাকায় পৌঁছালে ওই ট্রলারে অভিযান চালানো হয়। ট্রলার থেকে এনায়েত ও বাবুকে আটক করা হয়। পরে তাঁদের ব্যাগ থেকে ছোট-বড় ৬৯টি হাড় উদ্ধার করা হয়। তিনি বলেন, হান্নান নামের কয়রা উপজেলার একজন ব্যক্তির নেতৃত্বে এসব হাড় খুলনায় আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। হান্নানকে আটকের চেষ্টা চলছে।