খুলনায় বাসে ককটেল, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি নৈশকোচ লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরিত হয়ে বাসের চালক, সহকারী ও দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাসটি সোনাডাঙা টার্মিনাল থেকে ছেড়ে আসে। দৌলতপুর হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছালে বাসটির সামনের দিকের কাচ লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। ককটেল দুটি বিস্ফোরিত হলে ওই চারজন আহত হন।
আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।