খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়ায় ভান্ডারপাড়ায় আবুল কালাম ফকির (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে ভান্ডারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুর, মনিরুল, আসাবুর নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মনসুর আলী প্রথম আলোকে বলেন, নিহত আবুল কালাম ভান্ডারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি ওই গ্রামের ইমান আলী ফকিরের ছেলে।
মনসুর আলী বলেন, যারা খুন করেছে তারা আগে থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজের মাছের ঘেরে যাচ্ছিলেন আবুল কালাম। পথে উপজেলার ভান্ডারপাড়ায় বাড়ির কাছেই দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডুমুরিয়া থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘একসময় এরা সকলে বিএনপি করত। কালের স্রোতে এদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ করা শুরু করেছে। সামাজিক আধিপত্য বিস্তারের জন্য এরা মাঝেমধ্যে মারামারি করত। এই ঘটনাও সেভাবেই ঘটেছে।’