খুলনায় মা-মেয়ে হত্যার কারণ পারিবারিক কলহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামে মা-মেয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রেশমার স্বামী মাহবুবুর রহমান স্ত্রীকে গলা টিপে ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন।
গতকাল মঙ্গলবার পুলিশের হাতে আটকের পর মাহবুব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাহবুবকে আটক করেন।
গত সোমবার দুপুরে নিজ ঘর থেকে রেশমা (২২) ও তাঁর দেড় বছরের মেয়ে মারিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মাহবুবুর রহমান পলাতক ছিলেন।
ডুমুরিয়া থানার ওসি মশিউর রহমান বলেন, মাহবুবকে না পাওয়ায় তাঁকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। এরপর গতকাল মাহবুবের মুঠোফোন ট্র্যাক করে সোনাডাঙ্গা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মাহবুব ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানান তিনি। ওসি আরও বলেন, সকালে খাওয়ার পর মেয়ে মারিয়াকে ঘুম পাড়ান রেশমা। এ সময় মাহবুবের সঙ্গে রেশমার তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটি হয়। এতে মাহবুব প্রথমে রেশমাকে গলা টিপে হত্যা করেন। পরে মেয়েকে ঘুমের মধ্যেই শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। এ সময় রেশমার শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিলেন না। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।