খুলনায় যুবলীগ নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় জনি মোল্লা (৩০) নামের এক ব্যক্তিকে গুলি ও বোমা হামলা করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশে তরুণ সংঘ নামের একটি ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে পালিয়ে যায়।
জনি মোল্লা ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। তিনি ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে ফুলতলা থানায় কমপক্ষে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জনি সর্বহারা সালাম বাহিনীর সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মাসখানেক আগেও তাঁকে একটি মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিছুদিন আগে তিনি জামিনে ছাড়া পান।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জনির ওপর হামলা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জনিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালেই রাখা আছে বলে তিনি জানান।
পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে হামলাকারীদের ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বলে দাবি করেন ওসি।