খুলনায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত
খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনসংলগ্ন সুতারখালী ইউনিয়নের শরবতখালী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাশেম গাজী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, নিহত কাশেম সুন্দরবনের বনদস্যু কাশেম বাহিনীর প্রধান। তিনি সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের নূর আলী গাজীর ছেলে।
র্যাব-৬ খুলনার জ্যেষ্ঠ লিগ্যাল অ্যান্ড মিডিয়া কর্মকর্তা এএসপি হারুন অর রশীদের ভাষ্য অনুযায়ী, কাশেম বাহিনী সুন্দরবনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল গত শুক্রবার সুন্দরবনের দাকোপ উপজেলার সুতারখালী এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যু কাশেম ও তাঁর সহযোগীরা গুলি চালান। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কাশেমের সহযোগীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বাহিনীর প্রধান কাশেমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। কাশেম ১০ বছর ধরে সুন্দরবনে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, তিনটি রাইফেলের গুলি, চারটি রামদা, দুটি কুড়াল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাশেম বাহিনীর ১৩ সদস্য নিহত হন। ওই সময় কাশেম পালিয়ে যান।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে র্যাব সদস্যরা কাসেমের মৃতদেহ এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করেন। সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় র্যাবের এসআই সাইফুজ্জামান বাদী হয়ে দাকোপ থানায় দুটি মামলা দায়ের করেছেন।