খুলনায় 'বন্দুকযুদ্ধে' দস্যুদলের প্রধান নিহত
সুন্দরবনে গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমীর হোসেন ওরফে রাঙ্গা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খুলনার পাইকগাছা উপজেলার কুমখালি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তি দস্যুদল ‘রাঙ্গাবাহিনীর’ প্রধান ছিলেন। ‘রাঙ্গাবাহিনীর’ সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীর দাবি, পাইকগাছা, দাকোপ, মংলা, রূপসাসহ বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র বহন, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। তিনি রূপসা উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা।
কথিত বন্দুকযুদ্ধের বিষয়ে ওসির ভাষ্য, গতকাল বিকেলে পাইকগাছার হরিঢালী গ্রাম থেকে গ্রেপ্তারের পর রাঙ্গাকে সঙ্গে নিয়ে সুন্দরবনে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখান থেকে কুমখালি এলাকায় পৌঁছালে রাঙ্গার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন রাঙ্গা। একপর্যায়ে সহযোগীরা পিছু হটলে গুরুতর আহত অবস্থায় রাঙ্গাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসির দাবি, ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি পিস্তল, বন্দুকের ১২টি গুলি, চায়নিজ রাইফেলের সাতটি গুলি ও পিস্তলের দুটি গুলিসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত রাঙ্গার লাশ ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।