খুলনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় তেরখাদা উপজেলার কোদলা গ্রামের গাজির মোড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল মোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্যমতে, বাবুল উপজেলার তেরখাদা ইউনিয়নের বিলজুড়িয়া গ্রামের মো. হালিম মোল্লার ছেলে। তাঁর নামে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, গতকাল বিকেলে নিতিশ কুমার বিশ্বাস নামের এক পান ব্যবসায়ী ১৫ লাখ ৬২ হাজার টাকা নিয়ে তেরখাদার সাচিয়াদাহ হাটে যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি সাচিয়াদাহের পার্শ্ববর্তী পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটর সাইকেলে করে তিনজন সন্ত্রাসী অস্ত্রের মুখে ওই টাকা ছিনিয়ে নেয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বিভিন্ন এলাকায় তাঁর পরিচিত ব্যবসায়ীদের জানান।
সন্ধ্যার দিকে উপজেলার ছাগলাদাহ এলাকায় টাকা ছিনতাইয়ে জড়িত সন্দেহে বাবুল মোল্লা, মো. সাগর শেখ ও মো. শান্তকে ঘিরে ফেলে স্থানীয় জনতা। এ সময় তাঁরা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে ইকরামুল শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের ভাষ্য, জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে নিয়ে রাতে কোদলার গাজির মোড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে পৌঁছালে বাবুল মোল্লার সহযোগীরা আটক তিনজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল মোল্লা নিহত হন। তাঁর দুই সহযোগী সাগর ও শান্তকে আহত অবস্থায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন ওসি।