খুলনার কয়রায় নিহত ৩ বনদস্যু কালু বাহিনীর সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনসংলগ্ন মহেশ্বরীপুর ইউনিয়নের কয়রা নদীর ময়দাপেশা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা বনদস্যু। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের আবু সাইদ ওরফে কালু, কয়রার গিলাবাড়ি গ্রামের আকবর আলী (৩৪) এবং বাগেরহাটের রামপালের হোগলাডাঙ্গা গ্রামের শহিদুল মল্লিক (৩০)।

পুলিশের দাবি, নিহত আবু সাইদ মোড়ল ওরফে কালু (৪৭) সুন্দরবনের বনদস্যু কালু বাহিনীর প্রধান। অন্য দুজন ওই বাহিনীর সদস্য।

ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, দুটি দেশি পিস্তল, চারটি গুলি, দা, ছোরা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের পর অপহৃত চারজন জেলেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে চার জেলেকে গত তিন দিন আগে অপহরণ করে বনদস্যু কালু বাহিনী। অপহরণের শিকার সুন্দরবনের জেলে হাবিবুর রহমান ফকির, নাজমুল হোসেন, ফরিদুল গাজী ও মজিবুর গাজী কয়রা উপজেলা সদর এলাকার বীণাপাণি ও তেঁতুলতলা গ্রামের বাসিন্দা। দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের নিয়ে কালু বাহিনী মহেশ্বরীপুর কয়রা নদীর ময়দাপেশা খাল এলাকায় আছে—এমন খবর পেয়ে কয়রা থানার পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপুর ১২টার দিকে বনদস্যুদের পক্ষ থেকে গুলি ছোড়া বন্ধ হলে সেখানে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এ সময় তিন বনদস্যুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধের সময় কয়রা থানা-পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলারও প্রস্তুতি চলছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কয়রা থানার উপপরিদর্শক (এসআই) রাজিউল আমিন, কিশোর কুমার, গোলাম আজম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্য (কনস্টেবল) হারিজ মোল্লা ও সামাদ শেখ।