খুলনার ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত উচ্ছেদের তাগিদ
খুলনা নগরের ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসন সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় গতকাল সোমবার মোস্তফা কামাল এ অনুরোধ জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম (আঠারো মাইল) থেকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি পর্যন্ত সড়কটি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার জন্য এলজিইডি ও পাউবোর সঙ্গে সওজ বিভাগের সমন্বয়ের বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।
এ ছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নপ্রায় ভবন পুনর্নির্মাণসহ নদীর পাশের জায়গা স্কুলের জন্য বন্দোবস্ত নেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নেবেন। সভায় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে জনগণের অংশগ্রহণের সুবিধার জন্য তাঁর পাইকগাছার বাড়ির চারপাশে ছাউনি নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করতে জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
গত ৯ জুলাই প্রথম আলোতে ‘খুলনার ঝুঁকিপূর্ণ ৫৩ ভবন, তালিকা করেই দায় সারা’ ও ৯ মে ‘মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ জরাজীর্ণ, পাঠদান ব্যাহত’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।