খুলনায় অপদ্রব্য মেশানো এক টন চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা এলাকার একটি চিংড়ি ডিপো থেকে গত বুধবার রাতে অপদ্রব্য মেশানো প্রায় এক টন চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬।
র‌্যাব-৬ সূত্র জানায়, খুলনার বিভিন্ন অঞ্চলে চিংড়ি ডিপোতে রপ্তানিযোগ্য চিংড়ির ভেতর অপদ্রব্য (সাগু ও জেলিজাতীয় জিনিস) ঢুকিয়ে চিংড়ির ওজন বৃদ্ধি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকে ভোর চারটা পর্যন্ত রূপসা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান থেকে প্রায় এক টন চিংড়ি জব্দ করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের সামনে থাকা একটি পিকআপে ভর্তি আরও কিছু চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব চিংড়ি গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের বয়রা এলাকার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর চত্বরে বিনষ্ট করা হয়।
র‌্যাব-৬-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহফুজুল ইসলাম বলেন, অভিযানের সময় ওই প্রতিষ্ঠানের মালিককে খুঁজে পাওয়া যায়নি।