খুলনায় আ.লীগ নেতাকে গুলি, প্রাণ গেল পথচারী নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিটি ছোড়া হয়েছিল খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলে নিহত হন পথচারী শিপ্রা কুণ্ডু। হাসপাতালে শিপ্রার মেয়ে ও স্বজনদের আহাজারি l ছবি: প্রথম আলো
গুলিটি ছোড়া হয়েছিল খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলে নিহত হন পথচারী শিপ্রা কুণ্ডু। হাসপাতালে শিপ্রার মেয়ে ও স্বজনদের আহাজারি l ছবি: প্রথম আলো

খুলনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদের দিকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক পথচারী নারীর বুকে লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত নারীর নাম শিপ্রা কুণ্ডু (৫০)। তিনি ওই সময় পূজা-অর্চনার জন্য ফুল কিনে বাসায় ফিরছিলেন। তাঁর বাড়ি নগরের ইসলামপুর রোডে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

এদিকে জেড এ মাহমুদ প্রথম আলোকে বলেন, বারবার তাঁকে হত্যাচেষ্টার পেছনে আওয়ামী লীগেরই কারও ইন্ধন থাকতে পারে। তবে তিনি কারও নাম বলেননি।

জানতে চাইলে স্থানীয় সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের মধ্যে কোনো বিরোধ নাই। মাদক সিন্ডিকেটই এই ঘটনায় জড়িত।’ এর আগে গতকাল ঘটনার পরপর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংসদ মিজানুর রহমান মাদক সিন্ডিকেটকেই দায়ী করেছিলেন।

জেড এ মাহমুদ বলেন, তিনি মোটরসাইকেলে করে পূর্ব বানিয়া খামার এলাকায় তাঁর বাসায় ফিরছিলেন। শীতলাবাড়ী মন্দিরের কাছে পৌঁছালে সেলিম নামের এক ব্যক্তি তাঁকে দাঁড় করান। মোটরসাইকেলের ওপর বসেই তিনি সেলিমের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেলিম সেটা দেখে তাঁকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেন। ফলে গুলিটি তাঁর গায়ে লাগেনি। পরে তিনি উঠে দৌড় দেন। এ সময় আরও কয়েকটি গুলির শব্দ শোনেন তিনি। দুর্বৃত্তদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তাদের চিনতে পারেননি।

স্থানীয় কয়েকজন দোকানদার ও প্রত্যক্ষদর্শী বলেন, গুলির শব্দে পথচারীরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। এ সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দোলখোলা মোড় এলাকায় শিপ্রাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী তাঁকে প্রথমে সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জেড এ মাহমুদ খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (২০০৮-১৩)। তিনি বলেন, এর আগেও তাঁকে দুই দফা হত্যার চেষ্টা করা হয়। প্রথম হামলা হয় ২০১৪ সালের জানুয়ারিতে এবং দ্বিতীয় হামলা হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দুবারই তিনি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, ২০১৪ সালের ৬ জানুয়ারি জেড এ মাহমুদের বাড়িতে হামলা করে পলাশ-রোহান গ্রুপ নামে পরিচিত একদল সন্ত্রাসী। এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। ৫ জানুয়ারির নির্বাচনের পর ওই পলাশ-রোহান গ্রুপই খুলনার ক্ষমতাসীন দলের একাংশের পক্ষে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এই গ্রুপটি শহরে মাদক ব্যবসার একাংশ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ আছে।

এরই মধ্যে ৩১ আগস্ট রাতে সৈকত হোসেন রোহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রোহান হত্যা মামলায় জেড এ মাহমুদসহ ১১ জনকে আসামি করেছেন তাঁর মা। আর পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।

জেড এ মাহমুদ গত রাতে বলেন, পলাশের সঙ্গে তাঁর দ্বন্দ্ব আছে। মাদক ব্যবসার বিরোধিতা করার কারণে এই দ্বন্দ্ব। তাঁর ধারণা, পলাশের সাঙ্গপাঙ্গরাই গতকালের ঘটনা ঘটিয়েছে।

গতকাল সন্ধ্যা ছয়টায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকালের ঘটনায় তখন পর্যন্ত কেউ মামলা করেনি। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা জেড এ মাহমুদের ওপর আগেরবার যারা হামলা করেছে, তাদের মধ্যে দুজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা এই হামলার পেছনে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের মে মাসে ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় আগুনে পুড়ে নিহত পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জেড এ মোর্শেদের ছোট ভাই হলেন এই জেড এ মাহমুদ। তাঁর এক ভগ্নিপতি বর্তমানে পুলিশের উপমহাপরিদর্শক।