খুলনায় উচ্ছেদের পর ফের ফুটপাত বেদখল
খুলনা মহানগরে ফুটপাত দখলমুক্ত করার পরপরই আবার বেদখল হয়ে যাচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালাচ্ছে খুলনা সিটি করপোরেশন।
চলতি বছরের ১৫ আগস্ট প্রথম আলোতে ‘ফুটপাত দখল, চলাচলে কষ্ট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্ত করা শুরু করে সিটি করপোরেশন।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, নগরের ডাকবাংলার মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত সড়কের দুই পাশে সড়কের কিছু অংশ ও ফুটপাত দখল করে জামা, টি-শার্টের দোকান বসানো হয়েছে। নগরের হেলাতলা, হুগলি বেকারি সড়ক, ক্লে রোড, কেডিএ সড়কের ফুটপাতেরও একই অবস্থা। নগরের সামসুর রহমান সড়কের ফুটপাতে বসেছে মাছ ও তরকারির দোকান।
সবচেয়ে খারাপ অবস্থা খানজাহান আলী সড়কের ফেরিঘাট থেকে রূপসা পর্যন্ত। খানজাহান আলী সড়কের ফুটপাতের ওপর পাইপ, স্যানিটারি সামগ্রী রাখা হয়েছে। অনেকে সড়কের ওপর এসবের মেরামতকাজ করছেন। ফলে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরে মোট ৩৫০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ১০ কিলোমিটার ফুটপাত আছে। বাকি সড়কে ফুটপাত করা হয়নি। এই ফুটপাতের ওপর ফুল, ফল থেকে শুরু করে নানা ধরনের খাবারের দোকান তৈরি করা হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। এই সমস্যা সমাধানে কেসিসির ম্যাজিস্ট্রেট এরাদুল হকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে।
এরাদুল হক জানান, সাতরাস্তার মোড়, লোয়ার যশোর রোড, সিমেট্রি রোড, কেডিএ সড়ক, খানজাহান আলী সড়ক, আদালত এলাকা ও ক্লে রোড এলাকায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার শেরেবাংলা সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতগুলো জনসাধারণের ব্যবহার উপযোগী করা হবে বলে জানান তিনি।
আবারও বেদখল হওয়া প্রসঙ্গে এরাদুল হক বলেন, যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের অনেকের পরিবার এসব দোকানের ওপর নির্ভরশীল। স্থানীয়ভাবে তাদের জন্য একটি স্থান নির্ধারণ করতে পারলে এই সমস্যার কিছুটা সমাধান হতো। কিন্তু সেটা এখন করা যাচ্ছে না। তার পরও যেসব জায়গা আবার দখল হয়েছে, সেখানে আবার উচ্ছেদ করা হবে।