খুলনায় একজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় কয়রা উপজেলার শেখ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের নিজ বাড়ির পুকুরের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মিজানুর রহমান ওই গ্রামের শেখ মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে দু-তিনজন লোক এসে মিজানুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়। সকালে তাঁর স্ত্রী হালিমা খাতুন খোঁজ করতে বাড়ির পাশে চিংড়িঘেরের দিকে যাওয়ার সময় পুকুরের পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হালিনা খাতুন বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কে এই কাজ করল, তা জানি না।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মিজানুর নেশাটেশা করত। সোমবার রাতে ওর কয়েক বন্ধু ডেকে নিয়ে যায়। রাতে আর ফেরেনি। সকালে লাশ পাওয়া যায়। ওই বন্ধুরাই হত্যার ঘটনা ঘটাতে পারে।’