খুলনায় কলেজশিক্ষক হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ঘরের মধ্যে হাত-পা-মুখ বেঁধে মাথায় আঘাত করে কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনকে হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মামলাটি করেন তাঁর ছোট ভাই সুবল বাইন।

সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ৩৯৬ ধারায় খুনসহ ডাকাতির অভিযোগে করা এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। দুর্বৃত্তরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিত্তরঞ্জন বাইন হয়তো চোরদের চিনে ফেলেছিলেন। তাই তাঁকে হত্যা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মহানগর গোয়েন্দা শাখা থেকেও এ ঘটনার তদন্ত করা হচ্ছে। ওই শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ এইচ এম কামরুল ইসলামও এটিকে চুরির ঘটনা হিসেবে উল্লেখ করেন।

চিত্তরঞ্জন বাইন (৪৫) ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিল বকচর গ্রামে। সপরিবার থাকতেন আমতলা এলাকায় একটি দ্বিতল বাড়ির নিচতলায়। গত রোববার দুপুরে নগরের শেরেবাংলা সড়কের আমতলা এলাকার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার বাদী সুবল বাইন বলেন, পরিবারের সঙ্গে তাঁর ভাইয়ের কোনো কলহ ছিল কি না, তা তিনি জানেন না। এ ঘটনায় পরিবারের কাউকেই তাঁরা সন্দেহ করছেন না। চিত্তরঞ্জন যে বাড়িতে থাকতেন, ওই বাড়ির মালিক মো. আবদুল মজিদ বলেন, ছয় বছরের বেশি সময় ধরে চিত্তরঞ্জন ওই বাড়িতে থাকতেন। কখনো এলাকায় বা পরিবারের কারোর সঙ্গে ঝগড়া হয়েছে বলে তিনি শোনেননি।