খুলনায় গলাকাটা অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুরের একটি মেস থেকে গলাকাটা অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গলায় অস্ত্রোপচার শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষর্থীদের একজন প্রান্ত বিশ্বাস (২২), অপরজন মিঠুন (২০)। তাঁরা দুজনই সিটি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। প্রান্তর গ্রামের বাড়ি বাগেরহাট সদরে এবং মিঠুনের চিতলমারী উপজেলায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মুজগুন্নী এলাকার রাস্তার পাশের একটি ছাত্রাবাসে একই কক্ষে থাকতেন প্রান্ত, মিঠুন ও আবির। আবিরের বাড়িও চিতলমারীতে। গত বুধবার আবির গ্রামের বাড়ি যান। পরের দিন ভোরে প্রান্ত ও মিঠুনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় আবিরকে খবর দিয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু হামলার ব্যাপারে কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। আহত দুজনের কেউ কথা বলতে পারছেন না। তাঁরা সুস্থ হলে সব তথ্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ছাত্রাবাসের কেউ এ হামলার সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে। বাইরের কোনো লোক, বিশেষ করে আহত শিক্ষার্থীদের কোনো বন্ধু এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।