খুলনায় ঘরের মধ্যে কলেজ শিক্ষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ঘরের মধ্যে হাত-পা-মুখ বেঁধে মাথায় আঘাত করে এক কলেজশিক্ষককে হত্যা করা হয়েছে। নগরের শেরেবাংলা সড়কের আমতলা এলাকার বাসা থেকে গতকাল রোববার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত চিত্তরঞ্জন বাইন (৪৫) ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিল বকচর গ্রামে। সপরিবার থাকতেন আমতলা এলাকায় একটি দ্বিতল বাড়ির নিচতলায়। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়ায় তাঁর শ্বশুরবাড়িতে যান।

চিত্তরঞ্জনের শ্বশুর রতন গোলদার বলেন, আট বছর ও ছয় মাস বয়সী দুটি মেয়েকে নিয়ে তাঁর মেয়ে লাকী গোলদার গত শুক্রবার সাচিবুনিয়ায় যান। গতকাল সকালে শ্বশুরবাড়ি গিয়ে নাশতা করে কলেজে যাওয়ার কথা ছিল চিত্তরঞ্জনের। কিন্তু সকালে ফোন করা হলেও কেউ তা ধরছিল না। এরপর লাকী ওই বাসার পাশের একজনের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে ডেকে দেওয়ার কথা বলেন। ওই প্রতিবেশী ডাকাডাকির পর চিত্তরঞ্জনকে না পেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করার একপর্যায়ে দেখতে পান ঘরের উত্তর পাশের জানালা ভাঙা। সেখান দিয়ে একজনকে ঢুকিয়ে দেওয়ার পর সে ঘরের দরজা খুলে দেয়। ঘরের মধ্যে সব আসবাব এলোমেলো ছিল। খাটের ওপর লাশ পড়ে ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে কলেজশিক্ষকের লাশ। ঘরের পেছনের জানালার গ্রিল ভাঙা ছিল। ঘরের মধ্যে জিনিসপত্র সব এলোমেলো। আলমারি ভাঙা। চুরি কিংবা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের পর কলেজশিক্ষককে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ঘর থেকে কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে পুলিশের কয়েকটি দল কাজ করছে।

লাশের সুরতহাল করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দীন। তিনি বলেন, নিহত শিক্ষকের হাত সামনে থেকে বাঁধা ছিল। পা বাঁধা। মুখে কাপড় ঢুকিয়ে বাঁধা হয়। মাথার ডান পাশে কানের ওপর ও ডান পায়ে হাঁটুর নিচে ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ বাদী হয়ে মামলা করেননি।

রতন গোলদার বলেন, তাঁর জামাতার সঙ্গে কারও বিরোধ ছিল না। কোনো শত্রুতা আছে বলেও জানা নেই তাঁর। চুরি হয়েছে সন্দেহ করা হলেও কিছু খোয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা নাজিমুদ্দিন বলেন, চিত্তরঞ্জন প্রায় ১৪ বছর থেকে ওই এলাকায় থাকেন। কারও সঙ্গে কখনো কোনো সমস্যা হয়নি।